চলতি আগস্টেই ৬০ কেজি করে চাল পাবেন কার্ডধারীরা

৪৭

আজ থেকে সারা দেশে শুরু হয়েছে খাদ্যবান্ধব কর্মসূচি। চলতি আগস্ট মাসেই কার্ডধারীরা খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৬০ কেজি করে চাল পাবেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে নওগাঁর নিয়ামতপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা জানান মন্ত্রী। বলেন, সরকারিভাবে গুদামে খাদ্যশস্য ধারণক্ষমতা ২১ লাখ মেট্রিক টন। বর্তমানে সরকারের খাদ্য গুদামে প্রায় ২১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। গুদাম খালি করার জন্য দুই মাসের চাল এই মাসে অর্থাৎ ৬০ কেজি করে দেয়া হচ্ছে। অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত আরও ২ লাখ টন চাল আমরা সংগ্রহ করতে যাচ্ছি। প্রয়োজনে মজুত আরও বাড়াতে উদ্যোগ নেয়া হবে।

জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেয়া হচ্ছে। পৃথিবীর কোথাও এমন মহৎ কর্মসূচি নেই বলে এ সময় মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক রণজিৎ সরকার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার উপস্থিত ছিলেন।