সাঈদীর চিকিৎসককে হুমকিদাতা এক নারী গ্রেপ্তার

৩৮

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হুমকিদাতা হাফিজা মাহবুবা বৃষ্টি (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, সাঈদীর চিকিৎসকের দায়ের করা জিডির ভিত্তিতে অভিযুক্ত হাফিজা মাহবুবা বৃষ্টিকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে সিটিটিসি।

এর আগে, ঝিনাইদহ থেকে আরেক হুমকিদাতা তফসিরুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন জানান, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকিদাতা তফসিরুল ইসলামকে ঝিনাইদহের মহেশপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে। সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ডাক্তার এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।