ষড়যন্ত্রকারীরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে চেয়েছিল : খাদ্যমন্ত্রী

২১

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ধ্বংস করতে দেননি। তাই নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের তৈরি করতে হবে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর বেদীতে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ এক সুতোয় গাঁথা। তিনি ছিলেন বাঙালির প্রাণের নেতা বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।

শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‍্যালি, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।