বিএনএমের নোঙ্গর প্রতীকে আপত্তি জাতীয় পার্টির

১৭

নির্বাচন কমিশনের সদ্য নিবন্ধন পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নোঙ্গর প্রতীক নিয়ে আপত্তি জানিয়েছে জাতীয় পার্টি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাক্ষরিত চিঠিতে বলা হয়, নোঙ্গর ও লাঙ্গল উচ্চারণে অন্তমিল রয়েছে। এর পাশাপাশি দুটি প্রতীকেরও সাদৃশ্য আছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এ আপত্তি জানান।

এর আগে সম্প্রতি নতুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বিএনএমের নিবন্ধন চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি।

জাতীয় পাটির চিঠিতে বলা হয়, নির্বাচনী ব্যালটে লাঙ্গল ও নোঙ্গর প্রতীকের ছবি থাকলে ভোটারগণ বিভ্রান্ত হতে পারেন। সব ভোটারের দৃষ্টিশক্তি সমান থাকে না। অতীতের উদাহরণ টেনে চিঠিতে বলা হয়, এক সময় একটি রাজনৈতিক দলকে ‘জাহাজ’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল।

এতে আরও বলা হয়, নৌকার ছবির সঙ্গে ‘জাহাজের’ ছবির কিছুটা সাদৃশ্য ছিল। এ নিয়ে আপত্তির কারণে জাহাজ প্রতীকটি বাদ দেয়া হয়েছে।  বিএনএমকে নোঙ্গরের পরিবর্তে অন্য কোনো পরিচিত প্রতীক বরাদ্দ করার দাবি জানিয়েছে জাতীয় পার্টি।