ইতালি উপকূলে নৌকা ডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

২১

ভূমধ্যসাগরের ইতালি উপকূলে নৌকা ডুবে নারী ও শিশুসহ ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

নৌকাটির বেঁচে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে ইতালির সংবাদ সংস্থা আনসা।

বেঁচে যাওয়া যাত্রীরা বলেছেন, গত বৃহস্পতিবার তিউনিসিয়ার উপকূলীয় শহর স্যাফেক্স থেকে মোট ৪৫ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে যাত্রা শুরু করেছিল নৌকাটি। এই দলটিতে ৩টি শিশুও ছিল। যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ৪০ জন।

বুধবার ইতালির কোস্টগার্ডের জাহাজ জীবিত যাত্রীদের নিয়ে দেশটির উপকূলীয় শহর ল্যাম্পাদুসায় পৌঁছায়। এই যাত্রীদের ৩ জন পুরুষ এবং একজন নারী। তারা সবাই আইভরিকোস্ট ও গিনির নাগরিক।