মুন্সীগঞ্জে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার, এখনও নিখোঁজ ৩

২১

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় ৪৬ যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কোনও মরদেহ উদ্ধার করা যায়নি। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ৩ শিশু।

নিখোঁজ শিশুরা হলো- সিঙ্গাপুর প্রবাসী আরিফ হোসেনের ছেলে তোরন হোসেন (৭), মেয়ে নোভা আক্তার (৪) ও শেখ মো. রুবেলের ছেলে মাহির শেখ (৪)।

রোববার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ডুবে যাওয়া ট্রলারটি তীরে তোলা হয়। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা।

দুর্ঘটনায় বেঁচে ফেরা পলিন মিয়া বলেন, ট্রলারের সামনে বসে ছিলাম। হঠাৎ মনে হলো বড় কোনও জাহাজ আমাদের ট্রলারের ওপর উঠিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে নদীতে পড়ে যাই।

লৌহজং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল রাত ৮টার দিকে উপজেলার তালতলা-ডহুরী খালের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শরিফুল ইসলাম তানভীর বলেন, ট্রলারডুবি ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। সেই সঙ্গে নিহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।