আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না শেখ হাসিনা: কাদের

২৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি মাথা নত করেন না। মাথা নত করতে জানেন না।

রবিবার (৬ আগস্ট) আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সূচনা বক্তব্যে দলের তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাদের বলেন, বাংলাদেশে আবারও সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনা কারও কাছে মাথা নত করেন না। বিএনপির কিছু লোকজন দেখে ভয়ের কিছু নেই। তাদের চেয়ে আমাদের লোকবল অনেক বেশি। শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনেও জয়ের বন্দরে পৌঁছাব।

আওয়ামী লীগের এই নেতা বলেন, শেখ হাসিনা দেখিয়েছেন আমরাই পারি। উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। নিজ দেশের টাকায় পদ্মা সেতু করে শেখ হাসিনা দেখিয়েছেন ‘ইয়েস আমরাই পারি।’

সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা-মহানগর ও উপজেলা-থানা-পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় তিন হাজার নেতা অংশগ্রহণ করেন।