বিএনপি নেতা সালাহ উদ্দিনসহ ৬ জন কারাগারে

৩০

বিস্ফোরক আইনের মামলায় বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদসহ ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক স্নেহাশীষ রায়। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপর পাঁচ আসামি হলেন- মো. শাহ আলম মুন্সী, নয়ন মিয়া, আজিজুল ইসলাম মনির, শাহিন ও নিয়ামুল হক।

এর আগে, বৃহস্পতিবার (৩ আগস্ট) তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ বিষয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বিএনপির ডাকা ২৮ জুলাইয়ের সমাবেশের কোনো অনুমতি ছিল না। সমাবেশের দিন বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় মামলা হয়েছে। দুটি মামলায় সালাহ উদ্দিন আহমেদ প্রধান আসামি। দুই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।