অনশন স্থগিত : আশ্বাসে ক্লাসে ফিরছেন শিক্ষকরা

৬৯

বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। এর মধ্য দিয়ে আগামীকাল বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষকেরা।

মঙ্গলবার রাত পৌনে ১০টায় এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের আমন্ত্রণে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে যান শিক্ষক নেতারা। রাত ৮টার দিকে তাঁরা সভায় বসেন। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক উপকমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শেখ কাওছার বলেন, ‘প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষায় বৈষম্য দূর করার বিষয়ে আশ্বাস দিয়েছেন। এর ভিত্তিতে আমরা চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছি।’

উল্লেখ্য, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকেরা। গতকাল সোমবার ২১ তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা দখল করে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। আর আজ মঙ্গলবার সকাল থেকে কাফনের কাপড় পড়ে আমরণ অনশন কর্মসূচি পালন করেন শিক্ষকেরা।