বিএনপি আক্রমণাত্মক হলে সরকারি দল বসে থাকবে না: কাদের

২৬

অপপ্রচার ও আন্দোলন করে বিএনপি কিছুই করতে পারবে না। তারা আক্রমণাত্মক হলে সরকারি দলও বসে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

সন্ত্রাস নয়, দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে উন্নয়নকে সমর্থন করবে উল্লেখ করে কাদের জানান, জনসভার মাঠ থেকেই ২৭টি প্রকল্প উদ্বোধন এবং ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এদিন, দুপুর ২টার কিছু আগে, কেন্দ্রীয় নেতাদের নিয়ে রংপুর জিলা স্কুল সমাবেশের মাঠ পরিদর্শন করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে ছিমছাম মহানগরী রংপুরের সুপ্রশস্ত সড়কগুলো বাহারি তোরণে সেজেছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে।

এলাকাসাসীর দাবি, বঙ্গবন্ধু কন্যাকে একনজর দেখতে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে জিলা স্কুল মাঠে। অনেকের আশা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ শিল্পায়নের নতুন ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, রংপুরের ৮ জেলার ৫৮টি উপজেলা থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নেতাকর্মী বুধবারের (২ আগস্ট) জনসভায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এ জন্য বিশেষ ট্রেন পরিচালনারও ব্যবস্থা নেয়া হয়েছে।