আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩৭

পঞ্চম ধাপে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩০ জুলাই) বেলা ১১টা ১০ মিনিটে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব মডেল মসজিদ উদ্বোধন করেন।

গণভবন প্রান্তে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে কক্সবাজার সদর ও খুলনার ফুলতলা মডেল মসজিদ থেকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্রমান্বয়ে সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করার কথা রয়েছে।যার ব্যয় ৯ হাজার ৪৩৫ কোটি টাকা।

মডেল মসজিদগুলোয় শীতাতপনিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এছাড়া রয়েছে হজ গমনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণকেন্দ্র, গবেষণাকেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামি সাংস্কৃতিক সম্মেলনকক্ষ। আরও থাকছে ইসলামি দাওয়াত, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র ও মসজিদের সঙ্গে দেশি–বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধা।

এর আগে, চার ধাপে সারাদেশে ৫০টি করে মোট ২০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়।