সরকার চালাতে গেলে নানা ধরনের সমালোচনা শুনতে হয়: প্রধানমন্ত্রী

৬৬

সরকার চালাতে গেলে নানা ধরনের সমালোচনা শুনতে হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সকল বাধা বিপত্তি, ব্যঙ্গ, সমালোচনার পরও দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপ দিয়েছে আওয়ামী লীগ সরকার। ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করেছে সরকার।

শনিবার (২৯ জুলাই) বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথমবারের মতো দুদিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ উল্লেখ করে ২০৩৭ সালের মধ্যে ২০তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে বলে এ সময় প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমাদের প্রত্যাশা, ২০৩৭ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২০তম বৃহত্তম অর্থনীতির এবং ২০৪০ সাল নাগাদ একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত হবে।’

এছাড়া জাতীয় উন্নয়নে দেশের স্টার্টআপদের আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

দেশকে ডিজিটাল করতে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের নেওয়া সব উদ্যোগ বাস্তবায়ন হয়েছে বলেও জানান সরকারপ্রধান।

লিখিত ভাষণে সরকারপ্রধান স্টার্টআপ সামিটে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। পাশাপাশি প্রথমবারের মতো এই সামিট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

সামিটে প্রায় পাঁচ শতাধিক স্টার্টআপ অংশগ্রহণ করেছেন। যাদের মধ্যে রয়েছেন ৩০০ নারী স্টার্টআপ। এছাড়াও এখানে উপস্থিত রয়েছেন দেশি-বিদেশি বিনিয়োগকারী এবং স্টার্টআপ ইকোসিস্টেমের অংশীজন।