আশুরা উদযাপনে ডিএমপির নির্দেশনা

৩৭

আগামীকাল শনিবার (১০ মহররম) পবিত্র আশুরা। দিবসটি উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত তাজিয়া মিছিলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আঁতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন ডিএমপি কমিশনার।

পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এই তাজিয়া মিছিলে পাইক দলভুক্ত ব্যক্তিবর্গ দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে যা ক্ষেত্র বিশেষে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করে। যা ধর্মপ্রাণ ও সম্মানিত নগরবাসীর মনে আতঙ্ক ও ভীতি সৃষ্টিসহ জননিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ।

তাছাড়া মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আঁতশবাজি ও পটকা ফোটানো হয়। যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

এই আদেশ তাজিয়া মিছিল শুরু হতে শেষ সময় পর্যন্ত বলবৎ থাকবে।