ইমার্জিং কাপে হেরে চ্যাম্পিয়ন ভারতের লজ্জার বিদায়

২৬

ক্রীড়া ডেস্ক : এসিসি ইমার্জিং টিমস কাপ-২০১৭ থেকে বর্তমান চ্যাম্পিয়ন ভারত বিদায় নিয়েছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল আফগানিস্তানের কাছে ২ উইকেটের ব্যবধানে হেরে তাদের বিদায় নিশ্চিত হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪২ রানের সংগ্রহ করে তারা। ভারতের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৫৯ রান করেন হনুমা বিহারি। ৬০ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কায় এই ইনিংস খেলেন বিহারি। এছাড়া শুভমান গিল ৪৬, অধিনায়ক বাবা অপরাজিত ৩৮, অভিমন্নু ও পঙ্কজ শাহ উভয়েই ৩১ করে রান করেন।

আফগানদের পক্ষে বল হাতে নাভিন-উল-হক ৫৪ রানে সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এছাড়া গুলবাদিন নাইব ২টি এবং শারাফউদ্দিন আশরাফ ১টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ২১ বল বাকি থাকতেই ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে আফগানিস্তান। দলের জয়ে মূখ্য ভুমিকা পালন করেন ইউনুস আহমেদজাই। রান আউটে কাটা পড়ার আগে ৫৪ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫১ রানের ঝলমলে ইনিংস খেলেন আহমেদজাই। অর্ধশতকের ইনিংস উপহার দেন সামিউল্লাহ সেনওয়ারিও। ৬৮ বলে ৫০ রানের ইনিংস খেলতে ৪টি চার ও ১টি ছক্কা হাঁকান সেনওয়ারি।

এছাড়া দলের জয়ে শহিদুল্লাহ ৪২, শারাফউদ্দিন আশরাফ ২৬ ও গুলবাদিন নাইব ২০ রান করে কার্যকরি ভূমিকা পালন করেন।

ভারতের পক্ষে অমর গনি ও কমলেশ নাগরকটি ২টি করে উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন অশ্বিন ক্রিস্ট, কানিস্ক শেঠ ও মায়াঙ্ক দাগার।

এদিকে সমানসংখ্যক পয়েন্ট এবং হার-জিত সমান হওয়ার পরেও ভারতের চেয়ে সামান্য নেট রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। আর এরই সাথে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে সবশেষ আসরের (২০১৩ সাল) চ্যাম্পিয়ন ভারত।