অপপ্রচারের বিরুদ্ধে রাষ্ট্রদূতদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশি রাষ্ট্রদূতদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ জুলাই) ইতালিতে প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থলে ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যেন বিভ্রান্ত এবং ভূলতথ্যের শিকার না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে অপপ্রচার সংক্রান্ত তথ্য সরবরাহ করা। তাহলে মিথ্যা রটনাকারীরা বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ পাবে না।

তিনি বলেন, যেসব জায়গায় আন্তর্জাতিক সংস্থা রয়েছে সেই জায়গাগুলোতে আমাদের আরও সক্রিয় হওয়া উচিত, যাতে তারাও অপপ্রচার এবং ভূল তথ্যের শিকার হয়ে বিভ্রান্ত না হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান উপস্থিত ছিলেন।