এবার ১২ দেশ ও ইইউ দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতির জেরে এবার যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশ এবং ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৬ জুলাই) ঢাকায় কর্মরত ১৩টি মিশনের প্রধানকে সরকারের অসন্তোষের কথা জানানো হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত সোমবার ঢাকা-১৭ উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম নৌকা প্রার্থীর সমর্থকদের নিকট হামলার শিকার হন। পরদিন এ ঘটনায় উদ্বেগ জানিয়ে মঙ্গলবার টুইট করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। পরে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১১টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয়।

বিবৃতির জেরে ২০ জুলাই ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ জানায় সরকার।