ইতালির পথে প্রধানমন্ত্রী

৩১

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে ফুড সিস্টেম সামিটে যোগ দিতে তিন দিনের সফরে ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তার সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।

রোববার (২৩ জুলাই) ভোরে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী, মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

সরকার প্রধানের রোম সফরে দেশটির সঙ্গে ‘কো-অপারেশন ইন দ্য ফিল্ড এনার্জি’, এবং ‘কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম’ বিষয়ক দুটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ।

শুধুমাত্র মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এই সফরে ইউরোপের অন্যতম বৃহৎ গ্যাস ও তেল উৎপাদনকারী ইতালীয় প্রতিষ্ঠান ইএনআই’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

সফর শেষে আগামী ২৬ জুলাই রোম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী। ওই দিন বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।