বিএনপির সমাবেশের মঞ্চ ভেঙে যাওয়ায় চলছে পিকআপে

২০

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশের মঞ্চ ভেঙে গেছে। শনিবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার আগেই মঞ্চ ভেঙে পড়ে। যে কারণে একটি পিকআপ ভ্যানে সমাবেশ পরিচালনা করতে হয়।

জানা গেছে, দুপুর ১টার পর সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এসময় মঞ্চে অতিরিক্ত নেতাকর্মী উঠলে তা ভেঙে পড়ে। তবে ভেঙে পড়ার সময় সমাবেশ মঞ্চে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন না। আর মঞ্চ ভেঙে পড়লে অস্থায়ী মঞ্চের জন্য পিকআপ ভ্যানটি আনা হয়।

মঞ্চ ভেঙে পড়ার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মঞ্চ ভেঙে গেছে। এখন আপনারা কেউ আর মঞ্চে আসবেন না। পিকআপ ভ্যানে সমাবেশ চলবে।

এদিকে দুপুর ২টা ১৮ মিনিটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থলের গেট ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।