ইন্টার মায়ামিকে জিতিয়ে অভিষেক রাঙালেন মেসি

২৬

দুর্দান্ত ফ্রি কিক গোল করে ইন্টার মায়ামির হয়ে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বদলি হিসেবে নেমে, ম্যাচের ইনজুরি সময়ে মেসির গোলে মেক্সিকান ক্লাব ক্রুস আজুলকে ২-১ গোলে হারায় ইন্টার মায়ামি। অভিষেকেই অধিনায়কত্বের আর্ম ব্যান্ডও পান লিও।

ম্যাচের ৪৪তম মিনিটে মেসিকে ছাড়াই প্রথমার্ধে লিড নেয় মায়ামি। ৪৪ মিনিটে রবার্ট টেইলরের গোলে এগিয়ে যায় বেকহ্যামের দল।

দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে বেঞ্জামিন ক্রেমাস্কির বদলি হিসেবে মাঠে নামেন লিও।

কিন্তু ১২ মিনিট পর গোল খেয়ে বসে মায়ামি। ক্রুস আজুলকে সমতায় ফেরান উরিয়েল এনটুনা।

এরপর দলকে জেতাতে আরও মরিয়া হয়ে ওঠেন মেসি। মাহেন্দ্রক্ষণ আসে ইনজুরি সময়ে। মেসিকে ফাউল করেন আজুলের ফুটবলার। ডি বক্সের বাইরে পাওয়া সেই ফ্রি কিক থেকে বাঁ পায়ে দুর্দান্ত এক শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন এলএম টেন।