‘পরিকল্পিতভাবে সংঘর্ষ ঘটিয়ে বিএনপি বিদেশিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে’

২৩

বিএনপি পরিকল্পিতভাবে সংঘর্ষের ঘটনা ঘটিয়ে বিদেশিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২১ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর যৌথ সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, ঢাকায় আওয়ামী লীগ আর বিএনপির ৫০টির বেশি সভা হয়েছে। তবে কোথাও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ঢাকার বাইরে পরিকল্পিতভাবে সংঘর্ষের ঘটনা ঘটাচ্ছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির দফার মতো বিদেশিরাও দফায় দফায় বাংলাদেশে আসা শুরু করেছে। কিন্তু সংবিধান অনুযায়ীই দেশের নির্বাচন হবে। এর বাইরে কোনো চক্রান্ত সফল হতে দেবে না আওয়ামী লীগ।

হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে কাদের বলেন, প্রার্থী যেই হোক তার ওপর হামলা গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

এ সময় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ জুলাই গণভবনে দেশের তৃণমূলের প্রতিনিধিদের নিয়ে গণভবনে বর্ধিত সভা করবেন বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সম্পাদকমণ্ডলীর সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।