মানবতাবিরোধী অপরাধে পিরোজপুরের ৪ জনের মৃত্যুদণ্ড

৫৫

মানবতাবিরোধী অপরাধ মামলায় পিরোজপুরের ভাণ্ডারিয়ার আব্দুল মান্নান হাওলাদারসহ চার জনের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন-বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম। এ

মামলায় প্রথমে সাত আসামি থাকলেও জীবিত চার জনের বিষয়ে রায় দেয়া হয়েছে।

আসামিরা হলেন আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুল মান্নান ডিলার, আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ ও নুরুল আমীন হাওলাদার।

২০১৬ সালের এপ্রিলে আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৮ সালের নভেম্বরে প্রতিবেদন দাখিল করা হয়। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার মোট ৪টি অভিযোগ আনা হয়।