এডিস মশার লার্ভা পেলে সরকারি অফিসগুলোকেও জরিমানার নির্দেশ

৬৪

এডিস মশার লার্ভা পাওয়া গেলে সরকারি অফিসগুলোকেও জরিমানা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার (১৯ জুলাই) সচিবালয়ে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ নির্দেশ দেন।

এ সময় সিটি করপোরেশনের মেয়রদের উদ্দেশে মন্ত্রী বলেন, মিটিংয়ের রেফারেন্সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দিন। জব্দ করা যানবাহনসহ বিভিন্ন ধরনের টায়ার-টিউবে স্প্রে করার ব্যবস্থা করেন। স্কুলগুলোতে সভা করা হয়েছে। স্কুলের আঙিনা পরিষ্কার করতে হবে। না-হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

মন্ত্রী আরও বলেন, সকল সরকারি অফিসগুলোকে আজ চিঠি দিন, এই মিটিংয়ের রেফারেন্সে। সরকারি অফিসগুলোকেও জরিমানা করা হবে। তথ্য রয়েছে বেসরকারি ব্যাংকে কোটি কোটি টাকা খরচ করে ডেকোরেশন করা হয় কিন্তু সেখানে মশা হচ্ছে।

নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করে তিনি। এ বিষয়ে নিয়মিত মনিটরিং করতে হবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।

সচেতনতা বাড়াতে বিটিআরসির মাধ্যমে মোবাইলে এসএমএস পাঠানো হবে বলেও জানান মন্ত্রী তাজুল। বলেন, ময়লা পানিতে সাধারণত এডিস মশা হয় না। এরপরেও নিয়মিতভাবে ড্রেনগুলো পরিষ্কার রাখতে হবে।