বাংলাদেশকে ওরা মগের মুল্লুক পেয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

৩৮

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় পশ্চিমা দেশগুলোর বিবৃতি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, বাংলাদেশকে ওরা একটা মগের মুল্লুক পেয়েছে।

বুধবার (১৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পশ্চিমাদের দেওয়া বিবৃতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার নিউইয়র্কে যখন-তখন লোক মেরে ফেলা হয়। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে পুলিশের গুলিতে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী সাইদ ফয়সাল ওরফে আরিফ নিহত হন। এতদিন হলো জাতিসংঘ কখনও বলেছে ওই ছেলের তদন্ত কতদূর হয়েছে? কিংবা রাষ্ট্রদূতরা দলবেঁধে কোনো বিবৃতি দিয়েছেন?

হিরো আলমের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, কারা তাকে মারলো তদন্ত করে দেখতে হবে। এমনও হতে পারে কেউ কেউ ইনভলভ ছিল, আমরা জানি না। এমনও হতে পারে আগামীর নির্বাচন চায় না, তাই অনিশ্চয়তা তৈরির জন্য এ হামলা।

নির্বাচনকে বানচাল করার জন্য এ ধরনের অকাম-কুমাম শুরু করে দিয়েছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় বুধবার এক বিবৃতিতে তীব্র নিন্দা জানায় ঢাকার প‌শ্চিমা মিশনগু‌লো।

বিবৃতিতে স্বাক্ষরকারী দূতাবাস ও হাইকমিশনগুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়ন।