টানা ৮ দিন অবস্থান কর্মসূচিতে বেসরকারি শিক্ষকরা

৪২

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

বেলা ১১টার দিকে পল্টন-হাইকোর্ট সড়কও বন্ধ করে দেন শিক্ষকরা। এতে হাইকোর্ট-মৎস্য ভবন হয়ে গুলিস্তান অভিমুখী রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে যানবাহনের দীর্ঘসারি দেখা যায়।

এর আগে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্য কমানোর দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা।

সোমবার (১৭ জুলাই) সকালে পল্টন মোড় থেকে হাইকোর্ট মোড় রাস্তা অবরোধ করেন তারা। বিকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদের আহ্বানে বৈঠকে অংশ নিতে আন্দোলনকারী শিক্ষক প্রতিনিধিদের পাঁচ সদস্যের একটি দল মাউশিতে যান। বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত বৈঠক হয়।

তবে বৈঠকের পরও সমস্যার সমাধান না হওয়া অবস্থান কর্মসূচিতে পোলন করছেন তারা।