হিরো আলমের ওপর হামলা: দুজন আটক

৩২

ভোটের শেষ মুহূর্তে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ পর্যন্ত এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৭ জুলাই) বিকেল ৩টার দিকে রাজধানীর বনানী এলাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর এ হামলা হয়।

পুলিশের গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, হিরো আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন দুজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক দুজনের একজনের নাম শেখ শহীদুল্লাহ বিপ্লব ও অপরজন সানোয়ার গাজী।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একদল লোক তাকে মারধর করতে থাকে। ভুয়া ভুয়া বলে তাকে ধাওয়া করা হয়। তারা হিরো আলমকে ধাওয়া দেন এবং তাকে মারতে মারতে সেখান থেকে কিছুদূর পর্যন্ত নিয়ে যান। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। ভিডিওতে হামলাকারীদের নৌকা প্রতীকের ব্যাজ পরে থাকতে দেখা যায়।