সাংবাদিককে টাঙিয়ে পেটানোর হুমকিদাতা চেয়ারম্যানকে ছাড়বে না ইসি

৩৪

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর নির্বাচন রিটার্নিং অফিসারের সামনে সাংবাদিককে টাঙিয়ে পেটানোর হুমকি দেওয়া উপজেলা চেয়ারম্যানকে ছাড়বে না নির্বাচন কমিশন। নির্বাচন শেষ হওয়ার পর কমিশন সভায় সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান।

সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আহসান হাবিব। বলেন, এই অভিযোগটা গতকাল রাতেই এসেছে। অভিযোগটা আসার পরে আমি সবাইকে অবহিত করা হয়েছে। আগে ভোটটা শেষ হোক। ওই বিষয়টা ছাড় দেয়া যাবে না বলেও জানান তিনি।

এ সময় পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল রাতে সিসি ক্যামেরার ক্যাবল দুষ্কৃতিকারীরা কেটে দিয়েছে বলেও জানান মো. আহসান হাবিব।

প্রসঙ্গত, রোববার রাত ৯টায় পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও ভান্ডারিয়া পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউল রহমান খলিফার অফিসে স্থানীয় সাংবাদিককে নির্বাচন কর্মকর্তার চত্বরে দেখলে টাঙিয়ে পেটানোর হুমকি দেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।

জানা গেছে, রোববার রাত ৯টায় ভান্ডারিয়া উপজেলা রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফার সঙ্গে ঢাকা থেকে আসা নির্বাচন কমিশন বিটে কর্মরত ১০/১২ জন সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করছিলেন। এসময় সেখানে আকস্মিকভাবে প্রবেশ করেন ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম। তিনি সেখানে আগে থেকে থাকা ভান্ডারিয়া উপজেলার ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সঙ্করকে দেখে এই হুমকি দেন।