গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নেই, ইউরোপীয় ইউনিয়নকে বিএনপি

১৬

দেশে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নেই বলে ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছে বিএনপি।

শনিবার (১৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে এ কথা জানান বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় ইইউ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রিকার্ডো শেলেরি। আর বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্বে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়াও সেখানে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ্, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি জানান, আগামীতে জনগণের ভোটে নির্বাচন সম্ভব কিনা, তা জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল। বিএনপি তাদের জানিয়েছে, ক্ষমতাসীন দলের অধীনে দেশে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এখন পর্যন্ত নেই সংলাপের পরিবেশ কিংবা লেভেল প্লেয়িং ফিল্ড। নির্বাচনের ভোটচুরি এখন থেকেই শুরু হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি’র স্থায়ী কমিটির এ সদস্য।