ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের কাজ লাইভ মনিটরিং করছে দক্ষিণ সিটি

২১

ডেঙ্গু রোগ প্রতিরোধে ও এডিস মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের কার্যক্রম বিশেষ কন্ট্রোল রুম থেকে লাইভ মনিটরিং করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকা দক্ষিণ সিটির স্থাপন করা বিশেষ কন্ট্রোল রুম থেকে এ লাইভ মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এসময় অঞ্চল ৫ এর মশক নিধন সুপারভাইজারের সঙ্গে কন্ট্রোল রুম থেকে সংযুক্ত হন মেয়র। এরপর সেখানে মশক নিধন কার্যক্রম লাইভ দেখে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম থেকে লাইভ মনিটরিং কার্যক্রম উদ্বোধনের পর মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আজ থেকে আমাদের ৭৫টি ওয়ার্ডের মশক নিধন কার্যক্রম লাইভ মনিটরিং করা হবে। তারা কীভাবে কাজ করছে তা দেখার পাশাপাশি কন্ট্রোল রুম থেকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হবে। কোনো ভবন, স্থাপনা বা স্থানে মশকের প্রজননের উপযোগী পরিবেশ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, আজ থেকে ডেঙ্গু রোগ প্রতিরোধে ও এডিস মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের সব কার্যক্রম নগর ভবন থেকে লাইভ মনিটরিং করা হচ্ছে। কন্ট্রোল রুমের কার্যক্রম শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে।