বিদেশি দূতদের অনেক বক্তব্যই অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল: পররাষ্ট্রমন্ত্রী

২৭

বিদেশি রাষ্ট্রদূতরা দেশে আসেন দুই দেশের সম্পর্ক উন্নয়ন করতে। কিন্তু অনেক সময় তারা এমন সব কথা বলেন, যা অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাব টকে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, গত কয়েক বছরে অনেক নির্বাচন হয়েছে। দু-একটি বাদে সব কটি স্বচ্ছ নির্বাচন হয়েছে। ভবিষ্যতেও আমরা স্বচ্ছ নির্বাচন করব। তবে স্বচ্ছ নির্বাচনের জন্য সব দল-মতের ইচ্ছা এবং প্রতিশ্রুতি থাকতে হবে।

তিনি বলেন, আমাদের রন্ধ্রে রন্ধ্রে গণতন্ত্র ও মানবাধিকার রয়েছে। পৃথিবীর কোনো দেশে এত মামুষ গণতন্ত্র ও মানবাধিকারের জন্য জীবন দেয়নি। বিদেশিদের এটা জানা উচিত।

মন্ত্রী বলেন, কারও কারও ধারণা আমরা চীনের দিকে ধাবিত হয়ে যাচ্ছি। আমরা কারও লেজুড় না। আমরা কারও দিকে ধাবিত হচ্ছি না।

এ সময় নির্বাচন নিয়ে সংলাপের বিষয়ে ড. মোমেন বলেন, কার সঙ্গে সংলাপ করব? যুক্তরাষ্ট্রে কী ডেমোক্রেট আর রিপাবলিকানরা সংলাপ করে। এগুলো অবান্তর কথা। আমরা আমাদের দেশের নিয়ম অনুযায়ী নির্বাচন করব।