কারো প্রেসক্রিপশনে নির্বাচন হবে না : ওবায়দুল কাদের

১৮

কারো প্রেসক্রিপশনে নয়, আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী বলে পুর্নব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (২ জুলাই) সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলছেন। আমরা সবার কথা শুনছি। কথা শুনব, কথা বিনিময় হবে এবং পরামর্শও নেব। কিন্তু নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বাংলাদেশে অন্যান্য দেশের মতো নির্বাচনকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

বিএনপির সমালোচনা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেবরা নির্বাচনে ব্যর্থ। বলা হয়েছিল ১০ ডিসেম্বর দেশ দখল করা হবে। ১১ ডিসেম্বর থেকে খালেদা জিয়ার হাতে দেশ থাকবে এমন অনেক লাগাম ছাড়া কথা তারা অনেকবার বলেছেন। এটিই হলো বাস্তবতা।

জিয়াউর রহমান যখন দেশের প্রেসিডেন্ট, তখন রংপুরে অভাবের তাড়নায় ২০০ নারী পতিতাবৃত্তিতে নাম লিখিয়েছিলেন বলেও এ সময় মন্তব্য করেন মন্ত্রী।

এ সময় চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করতে ও নতুন করে কোন প্রকল্প না নিতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।