বাংলাদেশের অগ্রগতিতে সহযোগিতা দিতে আগ্রহ সৌদি যুবরাজের

৫৬

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতা দিতে সৌদি আরব আগ্রহী বলে জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

পবিত্র হজ পালন উপলক্ষে সৌদি আরব সফররত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে স্থানীয় সময় বৃহস্পতিবার মক্কায় এক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সৌদি যুবরাজ এ আগ্রহের কথা জানান।

ক্রাউন প্রিন্সের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় রাষ্ট্রপতি বলেন, সৌদি আরবের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বাংলাদেশ।

বাংলাদেশের জনগণ চায় সৌদি আরবের নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির দিক দিয়ে বিশ্ব মুসলিম উম্মা আগামীতে আরও এগিয়ে যাবে বলেও এ সময় আশা ব্যক্ত করেন রাষ্ট্রপ্রধান। একইসঙ্গে সৌদি প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাকে এবং তার সফরসঙ্গীদের উষ্ণ আতিথেয়তার জন্য সৌদি সরকার ও জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজ পালনের জন্য ১০ দিনের সফরে সৌদি আরব অবস্থান করছেন রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা।