বিএনপি গণতন্ত্রকে ঘরে জিম্মি করে রেখেছে: ওবায়দুল কাদের

২০

বিএনপি গণতন্ত্রকে ঘরে জিম্মি করে রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপি দেশের গণতন্ত্রের জন্য এত উতলা, অথচ তাদের ঘরে গণতন্ত্র নেই। তারা গণতন্ত্রকে ঘরে জিম্মি করে রেখেছে।

আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন।

বিএনপির কর্মসূচি দেখে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি পালন করছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা নির্বাচনের বছর। আমরা আগেই বলেছি বছরব্যাপী আমরা রাজনীতির মাঠে থাকব। আমরা সে কর্মসূচিই পালন করছি। এখানে পাল্টাপাল্টির কিছু নেই।

এ সময় তিনি আগামী ১১ মার্চ ময়মনসিংহ ও ১৮ মার্চ বরিশালে মহাসমাবেশ করার ঘোষণা দেন। পাশাপাশি প্রতি ইউনিয়নেও দলীয় সমাবেশের ঘোষণা দেন ওবায়দুল কাদের।

আইকে