র‍্যাব সদস্য আটকের আনুষ্ঠানিক তথ্য পাইনি, পেলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

৩৭

ঢাকার মহাখালী ফ্লাইওভারে মধ্যরাতে গাড়ি থামিয়ে ছিনতাই চেষ্টার অভিযোগে র‍্যাব সদস্যসহ তিনজনকে গ্রেফতারের ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, র‍্যাব-পুলিশ কেউই আইনের ঊর্ধ্বে নয়। অনেক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য কারাগারে রয়েছে। এখন পর্যন্ত ১৭ জন র‍্যাব সদস্য কারাগারে আটক আছে। আইন অনুযায়ী সবারই বিচার হবে।

উল্লেখ্য, গত শনিবার (২১ জানুয়ারি) ঢাকার মহাখালী ফ্লাইওভারে মধ্যরাতে গাড়ি থামিয়ে ছিনতাই চেষ্টার অভিযোগে র‍্যাব সদস্যসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তিনজনের মধ্যে একজনকে ঘটনাস্থল থেকে জনতা হাতেনাতে আটক করে।

আইকে