বাগদাদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬৫

২৯

আন্তর্জা21তিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে ভয়াবহ আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৫ জন।

 

সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২২৫ জন।

 

এ ভয়াবহ হামলার ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক পালন করা হচ্ছে।

ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি ঘাতকদের সাজা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

 

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বাগদাদের কারাদার বিপণিবিতান এলাকার এক রেস্তোরাঁর কাছে ওই আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। শনিবার সূর্যাস্তের পর থেকেই এলাকাটি কেনাকাটা করতে আসা লোকজনে পরিপূর্ণ ছিল। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে।

 

হামলার সময় এলাকার ভবন ও দোকানগুলোতে আগুন ধরে যায়। এ ঘটনায় আইএস দায় স্বীকার করে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আইএস তার ‘চলমান নিরাপত্তা অভিযান’-এর অংশ হিসেবে হামলাটি চালিয়েছে। এই হামলায় একজন ইরাকি অংশ নেন।

আইএস বলেছে, শিয়া মুসলিম সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে ওই আত্মঘাতী বোমা হামলাটি চালানো হয়েছে। উগ্রপন্থী সুন্নিরা শিয়াদের বিপথগামী বলে বিবেচনা করে থাকে। তারা প্রায়ই বাগদাদসহ ইরাকের বিভিন্ন এলাকায় শিয়াদের ওপর হামলা চালিয়ে থাকে।

বিবিসি জানায়, বাগদাদের উত্তরাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকায় গতকাল সকালে আরেকটি বোমা বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়।