একসঙ্গে ফিরলেন বালাম-জুলি

২৭
66

বালাম, জুলি

বিনোদন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী বালাম-জুলি। বালামের সুর-সংগীতে ২০০৮ সালে বাজারে আসে জুলির প্রথম একক অ্যালবাম ‘বালাম ফিচারিং জুলি’।

২০০৯ সালে প্রকাশিত হয় এই ভাই-বোন জুটির দ্বিতীয় অ্যালবাম ‘স্বপ্নের পৃথিবী’।  তারপর দীর্ঘদিন একসঙ্গে গান গাইতে দেখা যায়নি তাদের।

দীর্ঘ ৭ বছরের বিরতি ভেঙে একসঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিলেন তারা। ‘কতো যে খুঁজেছি তোমায়’ শিরোনামের  এই গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

 

সুর ও সংগীতায়োজন করেছেন বালাম। সম্প্রতি নগরীর বসুন্ধরা আবাসিক এলাকায় বালামের  স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নতুন এ গান প্রসঙ্গে বালাম বলেন, ‘গানটি গল্প নির্ভর। দু’জন দুজনকে ভালোবাসে। কিন্তু কখনো বলার সুযোগ হয়নি। এক সময় সুযোগটি চলে আসে। তারপর একসঙ্গেই জীবনটা পার করে দেওয়ার অঙ্গীকার করে তারা।’

শুধু রেকর্ডিং নয় তৈরি হয়েছে এই গানের মিউজিক ভিডিও। ভিডিওটির শুটিং হয়েছে ইনডোরে। তানিম রহমান অংশুর নির্দেশনায় এর মডেল হয়েছেন তাসনুভা তিশা ও আশফাক রানা। ঈদুল ফিতরের আগেই ইউটিউব ও বিভিন্ন টিভি চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রচার শুরু হবে।