বাংলাদেশ ও জিসিসি’র মধ্যে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই

৪৮

বাংলাদেশ ও উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য নিয়মিত কনসালটেশনের লক্ষ্যে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

শনিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (১৮ নভেম্বর) বাহরাইনের রাজধানী মানামায়, মানামা সংলাপের সাইডলাইন বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও জিসিসি’র মহাসচিব ড. নায়েম ফালাহ এম. আল-হাজরাফ এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকের অধীনে উভয় পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, জনগণের মধ্যে যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষায় সহযোগিতার জন্য নিয়মিত আলোচনা করবে।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ ও জিসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী জিসিসি মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

প্রিয়আলো/আইকে