বিকেলে মুস্তাফিজদের প্রতিপক্ষ প্রীতির পাঞ্জাব

৩৭

ক্রীড়া 8ডেস্ক : দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মাঠে নামার আগে টানা জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ওই ম্যাচে দিল্লির বিপক্ষে হারলেও শীর্ষস্থান এখনো ধরে রেখেছে মুস্তাফিজুর রহমানদের দলটির। শীর্ষে থাকায় প্লে-অফে খেলা প্রায় নিশ্চিত তাদের। আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে জিতলে প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে রেড অরেঞ্জদের।

 

মোহালিতে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাবের আতিথ্য গ্রহণ করবে হায়দরাবাদ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি সিক্স ও সনি ইএসপিএন।

 

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হায়দরাবাদের সবচেয়ে বড় শক্তির জায়গা দলের বোলিং বিভাগ। এ কথা প্রমাণিত সত্য। কিন্তু গত ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে দেখা গেছে তাদের। সবচেয়ে বড় ধকলটা গেছে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজের ওপর দিয়ে। যাকে বাজির ঘোড়া হিসেবে প্রতি ম্যাচে ব্যবহার করতে চান হায়দরাবাদ দলপতি ওয়ার্নার। দিল্লির বিপক্ষে নিজের ৪ ওভার বোলিংয়ে ৩৯ রান খরচ করেন ‘দ্য ফিজ’। সেই সঙ্গে গত দুই ম্যাচে উইকেটশূন্য রয়েছেন চলতি আইপিলে সবচেয়ে বেশি আলোচিত তারকা মুস্তাফিজ।
খারাপ পারফরম্যান্সে প্রীতি জিনতার দল পাঞ্জবের প্লে-অফে খেলার স্বপ্ন অনেক আগেই শেষ হয়েছে। তাই প্রীতির দলের আজ হারানোর কিছু নেই। স্বাভাবিকভাবেই তারা ভয়হীন ক্রিকেটই খেলতে চাইবে। এখানেই ভয় সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। তার ওপর গত ম্যাচে পাঞ্জাব হারিয়ে দিয়েছে শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সকে। তাই তাদের বিপক্ষে সতর্ক হয়ে খেলার চেষ্টা করবে মুস্তাফিজরা।

জয় দিয়ে ছন্দে ফিরতে আবারও নতুন করে ছক সাজাচ্ছে হায়দরাবাদ। নিজেদের ওপর বেশ আস্থাশীল দলটি। সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন ওয়ার্নার। এখন পর্যন্ত তার রান ৫১৫। প্রতি তিন ইনিংসে একটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন অসি ক্রিকেটার। ফর্মে রয়েছেন শিখর ধাওয়ানও। ওয়ান ডাউনে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, মিডল অর্ডারে দীপক হুদা, নোমান ওঝারাও নিজেদের মেলে ধরতে পারেন।

 

অন্যদিকে যুবরাজ সিং আইপিএলে ফিরে মাত্র একটি ম্যাচে ভালো করেছেন। আজ ঘরের মাঠে নিজ দলের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। আইপিএলের শুরুর দিকে পাঞ্জাবের অধিনায়ক ছিলেন যুবরাজ। সমর্থন নিয়ে নিশ্চিতভাবেই বিপাকে পড়ে যাবেন দর্শকরা। তবে এই ম্যাচে হয়তো নিজেকে প্রমাণের চেষ্টা করবেন ছন্দ হারিয়ে ফেলা যুবরাজ। সেই সঙ্গে মুস্তাফিজ ভক্তরাও আজ অপেক্ষার অবসান ঘটাতে চান। কাটার মাস্টারকে দেখতে চান চিরচেনা রূপে।