সেঞ্চুরির চিন্তা ছিল না মাশরাফির!

৩৪

ক্রীড়া 104প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে শনিবার ঝড় তুলেছিলেন মাশরাফি বিন মুর্তজা।

 

কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাত্র ৫১ বলে ১০৪ রান করেন। ২টি চার ও ১১টি ছক্কায় মাশরাফি তার ইনিংসটি সাজান। শেখ জামালের বিপক্ষে পাওয়া সেঞ্চুরিটি মাশরাফির ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি।

 

 

এর আগে ২০০৯ সালে সর্বোচ্চ ৬৯ রান করেছিলেন আবাহনীর হয়ে মোহামেডানের বিপক্ষে। এছাড়া ৬৯ রানের আরেকটি ইনিংসও রয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগে।

শনিবার মাশরাফির সেঞ্চুরির উপর ভর করে কলাবাগান ৩১৬ রান জয় করে। এ রান তাড়া করতে গিয়ে ২১ রানের ব্যবধানে হেরে যায় শেখ জামাল। সেঞ্চুরির পর বল হাতেও ১ উইকেট নেন মাশরাফি। সব মিলিয়ে শনিবারের দিনটি ছিল মাশরাফিময়।

 

ম্যাচসেরার পুরস্কার পেয়ে মাশরাফি নিজের অনুভূতি প্রকাশ করে বলেন,‘সেঞ্চুরি করেছি অবশ্যই ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে দল জিতেছে এ কারনে। দল জেতাটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

 

ব্যাট হাতে দানব হয়ে ওঠা মাশরাফি লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয়। ৫০ বলে সেঞ্চুরি ও ৫১ বলে করেছেন ১০৪ রান। শেখ জামালের অধিনায়ক মাহমুদউল্লাহর বলে ছয় মেরে হাফ সেঞ্চুরি ৩৫ বলে। পরের ৫০ রান এসেছে মাত্র ১৫ বলে! হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর ক্রিকেট বল যেন ফুটবলের মতো দেখছিলেন মাশরাফি! পেসার মুক্তার আলীর করা ইনিংসের ৪৬তম ওভারে তিন ছয়, ৪৮তম ওভারে স্পিনার ওয়াহিদুল আলমের ওভারে চার ছয়। ওই ওভারেই পেয়ে যান সেঞ্চুরি। ৯৮ থেকে ১০৪-এ পৌঁছেছেন বড় ছয় হাঁকিয়ে। ম্যাচ শেষে মাশরাফি জানালেন হাফসেঞ্চুরির পর দ্রুত রান বাড়াতে আগ্রাসী ছিলেন তিনি। সেঞ্চুরি নয় দলের রান রেট বাড়াতেই ওভাবে ঝড় তুলেছিলেন। মাশরাফির ভাষ্য,‘হাফসেঞ্চুরির পর এত দ্রুত সেঞ্চুরি হয়ে যাবে এমনটা ভাবিনি। দলের রান রেট বাড়াতে ব্যাটিংয়ে নিজেকে এগিয়ে নিয়ে আসি। মাঠে গিয়ে সেটাই করেছি।’

 

মাশরাফিময় ম্যাচে ২১ রানে জয় পেয়েছে কলাবাগান। ছয় ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। সুপার লিগ যেতে হলে শেষ পাঁচটি ম্যাচেই জিততে হবে মাশরাফির কলাবাগানকে। মাশরাফির আশা শেষ পাঁচটি ম্যাচে দারুণ কিছু করে দেখাবে তার দল। মাশরাফি বলেন,‘ শুরু থেকেই আমাদের চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমরা চ্যালেঞ্জটা নিতে পারিনি। আজ জিতে ভালো একটা মোমেন্টটাম তৈরি হল। সামনে আমাদের পাঁচটি ম্যাচ আছে। প্রতিটি ম্যাচেই আমাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে। আশা করছি আমরা আজকের মত করে ভালো ক্রিকেট খেলতে পারব।’