মারা গেলেন জনপ্রিয় নির্মাতা ইসমাইল শ্রফ

১৬

বলিউডের জনপ্রিয় নির্মাতা ইসমাইল শ্রফ আর নেই।

মঙ্গলবার (২৫ অক্টোবর) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মূলত বার্ধক্য জনিত অসুস্থতার কারণে মারা গিয়েছেন এই নির্মাতা। প্রায় এক মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এরপর পরিচালককে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালেও ভর্তি করা হয়। পরে সুস্থও হয়ে যান তিনি, কিন্তু শেষ রক্ষা আর হলো না।

ইসমাইল শ্রফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা গোবিন্দা।

শোক জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “খুবই দুঃখিত আমি। ওনার নির্মিত সিনেমার মধ্য দিয়েই আমার ক্যারিয়ার শুরু হয়েছিল। যেখানেই থাকবেন ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। আমাকে গোবিন্দ থেকে গোবিন্দা বানানোর পেছনে অনেক অবদান রয়েছে।”

প্রঙ্গত, ইসমাইল শ্রফ তার হিট সিনেমা ‘থোরি সি বেওয়াফাই’-এর মাধ্যমে খ্যাতি অর্জন করেন। এটি ছিল তার অভিষেক সিনেমা। ১৯৮০ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেন রাজেশ খান্না, শাবানা আজমি, পদ্মিনী কোলহাপুর প্রমুখ। সিনেমাটির গল্প লেখেন ইসমাইল শ্রফের ভাই মইন-উদ-দীন।

এছাড়াও বলিউডে ইসমাইল শ্রফের হাত ধরে এসেছে আরও জনপ্রিয় সব সিনেমা। তার মধ্যে উল্লেখ্যযোগ্য ‘আহিস্তা আহিস্তা’, ‘জিদ’, ‘আগার’, ‘গড অ্যান্ড গান’, ‘পুলিশ মজদুর’, ‘মাজধার’, ‘দিল আখির দিল হ্যায়’, ‘বুলন্দি’, ‘নিশ্চাই’, ‘সূর্যা’ এবং ‘ঝুটা সাচ’-এর মতো সিনেমা পরিচালনা করেছেন। ২০০৪ সালে ‘থোড়া তুম বাদলো থোড়া হাম’ ছিল তার শেষ সিনেমা।

সূত্র : হিন্দুস্তান টাইমস