ট্রলারে রান্না করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৩ জেলে

২৬

ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনায় জেলেদের ট্রলারে রান্নার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের চরফ‍্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেন ঢালচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার।

এর আগে গত শনিবার রাতে চরফ্যাশনের ঢালচরের চর নিজাম সংলগ্ন মেঘনা নদীর তিন চর এলাকায় ট্রলারে রান্না করার সময় গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।

বিস্ফোরণে দগ্ধ হন চরনিজাম গ্রামের নুর আলম, মঞ্জু ও হাবিব উল্লাহ। তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ট্রলারে থাকা অন্য জেলেদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আবদুস সালাম জানান, গত শনিবার রাতে নদীতে জাল ফেলে রান্না করছিলেন তিন জেলে। একপর্যায়ে হঠাৎ করে গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ৩ জেলে দগ্ধ হন। তাদের উদ্ধার করে রাতেই চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে নুর আলমের শরীর বেশি দগ্ধ হয়েছে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফাইয়াজ উদ্দিন খান বলেন, দগ্ধদের মধ্যে নুর আলমের অবস্থা খুবই সংকটাপন্ন। তার শরীরের প্রায় এক তৃতীয়াংশ পুড়ে গেছে। অপর দুজনের শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হওয়ার ক্ষত রয়েছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত নয়। তবে ঘটনাটির খোঁজখবর নেওয়া হচ্ছে।’