মুমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি

২৯
Mominul-Haque1462773320

মুমিনুল হক

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের টেস্ট দলে অপরিহার্য এক নাম মুমিনুল হক। কিন্তু ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি দলে বরাবরই উপেক্ষিত থেকেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে মুমিনুল যে সীমিত ওভারের ক্রিকেটেও কম যান না, সেটাই আরেকবার জানিয়ে দিলেন।

 

এবারের ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন মুমিনুল। সোমবার ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ১০৪ বলে ঠিক ১০৪ রান করেছেন ভিক্টোরিয়ার হয়ে খেলা মুমিনুল।

 

অবশ্য আড়াই বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল। এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বরে বগুড়ায় এই ঢাকা লিগেই প্রাইম দোলেশ্বরের হয়ে আবাহনীর বিপক্ষে ১২২ বলে করেছিলেন ১২৯ রান। ওটাই ছিল এতদিন লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তার একমাত্র সেঞ্চুরি। অর্থাৎ সোমবার তুলে নিলেন দ্বিতীয়টি।

 

এবারের ঢাকা লিগের প্রথম চার ম্যাচে উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হচ্ছিলেন মুমিনুল। মোহামেডানের বিপক্ষে খেলেছিলেন ৬৭ রানের ইনিংস। বাকিগুলো ছিল ১৩, ৩৫, ২০।

 

সোমবার ফতুল্লায় মুমিনুল যখন ক্রিজে এসেছিলেন তখন ৭ রানেই ১ উইকেট নেই ভিক্টোরিয়ার। দ্বিতীয় উইকেটে আব্দুল মজিদের সঙ্গে জুটি বেঁধে দলের শুরুর ধাক্কা সামাল দেন তিনি।

 

শুরুতে দেখেশুনে খেলে উইকেটে থিতু হন মুমিনুল। প্রথম ১৫ বলে তার ব্যাট থেকে আসে ৫ রান। স্পিনার সানজামুল ইসলামের বলে সিঙ্গেল নিয়ে ৫৮ বলে পূর্ণ করেন ফিফটি। ফিফটির পর আরো আক্রমণাত্মক হয়ে উঠে পরের ৩৯ বলে পূরণ করেন সেঞ্চুরি।

 

ব্যক্তিগত ৯৬ রান থেকে ইমতিয়াজ হোসেনের বলে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন মুমিনুল। এর কিছুক্ষণ পরেই আল-আমিন হোসেনের বলে সানজামুলকে ক্যাচ দিয়ে ফেরেন ১০৪ রান করে।

 

১০৪ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১০৪ রানের ইনিংসটি সাজান মুমিনুল। গত বছরের শুরুতে বিশ্বকাপে সবশেষ ওয়ানডে খেলা মুমিনুল এই ইনিংসের মাধ্যমে নির্বাচকদের জানিয়ে দিলেন, জাতীয় দলের সীমিত ওভারের দলে জায়গা পাওয়ারও কম দাবিদার নন তিনি!