হাজারীবাগে আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা

১৫

রাজধানীর হাজারীবাগে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছে দল দুইটি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিএনপির নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে সমাবেশে যাওয়ার পথে সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হাজারীবাগের টালি অফিস রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর পৌনে দুইটার দিকে বিএনপির কর্মী-সমর্থকরা লাঠি হাতে মিছিল নিয়ে হাজারীবাগে সমাবেশস্থলে যাওয়ার পথে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন কর্মীকে বেধড়ক লাঠিপেটা করা হয়। কয়েক মিনিট পরেই পরিস্থিতি শান্ত হয়ে যায়। এ ঘটনার পর থেকে টালি অফিস এলাকায় আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যারিকেড সৃষ্টি করে।

এ আগে আজ বিএনপির সমাবেশটি ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজের পাশে হওয়ার কথা ছিল। একই স্থানে আওয়ামী লীগ সমাবেশ ডাকলে প্রশাসন ওই স্থানে সমাবেশ করতে নিষেধ করে দেয় উভয়পক্ষকে। এতে স্থান পাল্টে মহানগর দক্ষিণ বিএনপি শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পাশে সমাবেশের আয়োজন করে।

রাজধানী ঢাকার ১৬টি স্থানে এ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।