জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের 

২৮

মৌলভীবাজারের রাজনগরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দুই ভাই নিহত ও পাঁচজন আহত হয়েছে।

আজ শুক্রবার উপজেলার ফতেহপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের নুর মিয়ার ছেলে হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল রাজু দাশ ও ধীরু দাশের মধ্যে। এ নিয়ে শুক্রবার কথা কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়লে এলাকার ইউপি সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

এতে উল্টো তার ওপরই হামলা করেন রাজু দাশের লোকজন।

এ সময় ইউপি সদস্যের সঙ্গে থাকা হেলাল মিয়া ও কাজল মিয়া গুরুতর আহত হন। আহত হেলাল মিয়া ও কাজল মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

এছাড়া সংঘর্ষে জুবায়ের মিয়া (২৫), পংকি মিয়া (৬০), ইউপি সদস্য মো. লুৎফুর রহমান, ঝুনুর ও চেমাই দাস আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

রাজনগর থানার এসআই সুলেমান আহমদ জানান, বর্তমান ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রাজনগর থানার ওসি বিনয় ভুষণ রায় জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা করা হবে।