অতিরিক্ত সচিবের ২৯ বই নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২২

সরকারি কর্মকর্তাদের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বাড়ানোর জন্য বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ হলেও কোন বই কিনতে হবে, তা চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, তালিকা কি চূড়ান্ত হয়েছে? চূড়ান্ত তো হয়নি মনে হয়। লিস্টে আছে নাম। এটা চূড়ান্ত হবে না। এটা আমরা চূড়ান্ত করিনি। এটা আমরা দেখছি, এটার বিষয়ে অবশ্যই আমরা একটি সিদ্ধান্ত নেব। এটা অবশ্যই হবে না।

তিনি বলেন, একজনেরই যে ২৯টি বই এ তথ্য আমার জানা ছিল না। গণমাধ্যমে আসার পর এটা জানতে পেরেছি। আমরা এটি পরীক্ষা করছি। সে অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এটি নিয়ে আগামীকাল সবার সঙ্গে বসব, বসে সিদ্ধান্ত নেব।

এদিকে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য বই কিনতে একজন অতিরিক্ত সচিবের ২৯টি বই থাকা তালিকা পরীক্ষার পর সংশোধন কিংবা বাতিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

কে এম আলী আজম বলেন, গতকাল সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে যে একজন অতিরিক্ত সচিবের ২৯টি বই এ তালিকায় স্থান পেয়েছে। এ বিষয়টি আমরা পরীক্ষা-নিরীক্ষা করবো, যদি এর সত্যতা প্রমাণ হয়, কোনো সমস্যা যদি দেখি তাহলে তালিকা বাতিল বা সংশোধনের ব্যবস্থা নেবো। এসময় অন্যান্য যে ব্যবস্থা গ্রহণ করা উচিত আমরা তা করবো।

মন্ত্রণালয় বলছে, বই কেনার জন্য যে প্রাথমিক তালিকা করা হয়েছে, তাতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের ২৯টি বই রয়েছে। বইগুলো কীভাবে তালিকাভুক্ত হলো, সে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের যে উইং এই বইয়ের তালিকা প্রণয়ন করেছে, তার প্রধানও ছিলেন অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলাম।