উন্নয়নের ছোঁয়া পাওয়া যাচ্ছে, দেশে কেউ না খেয়ে থাকে না: স্বাস্থ্যমন্ত্রী

৩০

বাংলাদেশে এখন আর কেউ না খেয়ে থাকে না মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে বলেই আজকে বিভিন্ন খাতে উন্নয়নের ছোঁয়া পাওয়া যাচ্ছে। বাংলাদেশে কেউ না খেয়ে থাকে না।’

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বিএনপি এর আমলে কৃষকদের হত্যা করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘বতমানে লাখ লাখ গৃহহীন মানুষকে ঘর দেওয়া হয়েছে। কৃষকেরা সার ও বিদ্যুৎ পেয়েছেন, জীবন দিতে হয়নি। বিএনপির সময়ে সার ও বিদ্যুতের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছিল। গুলি করে তাঁদের হত্যা করা হয়েছিল।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সহসভাপতি আবদুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা প্রমুখ।