পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই বায়েজিদের বাড়িতে হামলা

২৯

স্বপ্নের পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটিক বানানোর অভিযোগে গ্রেপ্তার সেই বায়েজিদ তালহার পটুয়াখালীর গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ জুন)বিকেল ৫টার দিকে জেলার সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামের বাড়িতে এ হামলা ও ভাংচুর চালায় একদল দুর্বৃত্ত।

এ সময় কেউই ওই বাড়িতে ছিল না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সময় ঘরের মধ্যে থাকা বায়েজিদের মেজভাবি হাদিসা বেগম জানান, ৮/১০টি মোটর সাইকেলে ২০/২৫ জন লোক বাড়িতে ঢুকে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা রামদা, দা ও কুড়াল দিয়ে ঘরের টিনের বেড়া কুপাতে থাকে। এক পর্যায়ে তারা ঘরের মধ্যে ঢুকে আসবাবপত্রসহ অন্যান্য মালামাল তছনছ করে ফেলে। সন্ত্রাসীদের ভয়ে হাদিসা ঘরের মধ্যে গিয়ে নিরাপদে আশ্রয় নেন। ঘটনার সময় হাদিসার স্বামী (বায়েজিদের মেজভাই) সোহাগ মৃধা ঢাকায় অবস্থান করছিলেন এবং ঘরের মধ্যে হাদিসা ও তার শিশু কন্যা ছিল।

প্রতিবেশি জাহেদা আক্তার বলেন, ‘ভাংচুর ও টিন কোপানোর শব্দ শুনে ঘটনাস্থলে আসি এবং দেখতে পাই ২০/২৫ জন লোক ঘর কোপাচ্ছে এবং ভাংচুর করছে। তাদের কাউকেই আমরা চিনি না।’

স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান বলেন, ‘ইউপি চেয়ারম্যান বিষয়টি আমাকে ফোনে জানিয়েছেন এবং খবর পেয়ে স্থানীয় চৌকিদারকে ওই বাড়িতে পাঠানো হয়। তবে যেটুকু জানতে পেরেছি তাতে হামলাকারীরা এই এলাকার কেউ না। তারা সবাই অপরিচিত।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো.মনিরুজ্জামান জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।