‘ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে’ আহত স্বামী-স্ত্রীর মৃত্যু

২৬

‘ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে’ দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

নিহতরা হলেন- আব্দুল করিম (৩০) ও মোছা. খাদিজা আক্তার (২৫)। এই ঘটনায় তাদের দুই বছরের মেয়ে ফাতেমার অবস্থা আশঙ্কাজনক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন বলেন, চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী রাত ৪টা ও স্বামী ভোর ৬টার দিকে মারা যান।

এর আগে ২০ এপ্রিল (বুধবার) রাতে রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন ওই তিনজন।

তাদের পরিবার দাবি করছেন, এই বিস্ফোরণ ফ্রিজের কম্প্রেসার থেকে হয়েছে। তবে পুলিশ ও তিতাস গ্যাস জানিয়েছে, ফ্রিজের কম্প্রেসার নয় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।

বিস্ফোরণে আব্দুল করিমের শরীরে ৫৪ শতাংশ দগ্ধ হয়েছিলো। আর তার স্ত্রী খাদিজা আক্তার দগ্ধ হয়েছিলেন ৯৫ শতাংশ। তাদের মেয়ের শরীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

নিহতের ভাই কামাল হোসেন বলেন, আমার ভাইয়ের একটি মুদি দোকান রয়েছে। তাদের বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।