তিন বছর পর কবর থেকে তোলা হয় নায়িকা অন্তরার লাশ

মৃত্যুর তিন বছর পর কবর থেকে তোলা হয়েছিল চিত্রনায়িকা পারভীন আক্তার অন্তরার দেহাবশেষ। মেয়েকে হত্যা করা হয়েছে বলে তার মা আমেনা খাতুন অভিযোগ করেছিলেন। সেই মামলায় আদালতের নির্দেশে আজিমপুর কবরস্থান থেকে দেহাবশেষ তুলে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।

গত সপ্তাহে, ১৫ নভেম্বর ছিল অন্তরার জন্মদিন। দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে এসেছে তার অভিনয়ের স্মৃতি, সঙ্গে মৃত্যুকে ঘিরে ওঠা পুরোনো প্রশ্নও।

২০১৪ সালের ৮ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢালিউডের একসময়ের জনপ্রিয় এই নায়িকা। তার মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলতে থাকেন তার মা।

চাঁদপুর থেকে ঢাকায় আসা পারভীন আক্তার লাকি চলচ্চিত্রে পরিচিতি পান অন্তরা নামে। ছোটবেলায় ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমায় নবাবের মেয়ের চরিত্রে এবং ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায় জোসনার শৈশবের চরিত্রে অভিনয় করেন তিনি। নায়িকা হিসেবে পরিচিতি তৈরি হয় তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘পাগল মন’ সিনেমার মাধ্যমে। ছবিতে তার বিপরীতে ছিলেন মেহেদী। ‘পাগল মন রে’ গানটি তখন ছড়িয়ে পড়ে দেশজুড়ে।

এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। ‘প্রেমের কসম’ সিনেমায় অন্তরার বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মাহফুজ আহমেদের। এ ছাড়া নাঈম, মান্নাসহ সে সময়ের একাধিক জনপ্রিয় অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। তবে ২০০০ সালের পর থেকে চলচ্চিত্রে তার ব্যস্ততা কমতে থাকে।

২০১০ সালে গাজীপুরের ব্যবসায়ী শফিকুল হক খোকনকে বিয়ে করেন অন্তরা। বিয়ের পর ঢাকার বড় মগবাজারে সংসার শুরু করেন তারা। পরে অন্তরা জানতে পারেন শফিকুলের আগের সংসার রয়েছে, সন্তানও ছিল। বিষয়টি বিয়ের সময় গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়, নিয়মিত ঝগড়াও হতো।

অন্তরার মায়ের অভিযোগ, মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হননি, বরং তাকে নির্যাতন করে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ও শফিকুল কাউকে তার মেয়ের কাছে যেতে দেননি। মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। ময়নাতদন্তের প্রতিবেদনও তাকে দেখানো হয়নি। এফডিসিতেও তার মরদেহ নেওয়া হয়নি শেষ শ্রদ্ধা জানানোর জন্য।

অন্তরার মৃত্যুর প্রায় তিন বছর পর ২০১৭ সালে মামলায় আসে নতুন মোড়। আদালতের নির্দেশে আজিমপুর কবরস্থান থেকে তার মরদেহের দেহাবশেষ তোলা হয়। পরে তা পাঠানো হয় ফরেনসিক পরীক্ষার জন্য।

তদন্তের এই পর্যায়ে অন্তরার আগের সংসারের মেয়ের বক্তব্যও আলোচনায় আসে। তার অভিযোগ, মৃত্যুর দিন হাসপাতালে নেওয়ার আগে বাসায় তার ওপর নির্যাতন করা হয়েছিল। পরে ঘরে গিয়ে মাকে অসুস্থ অবস্থায় দেখতে পান তিনি। এরপর তাকেই হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হয়।

সেই সময় মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপকমিশনার মো. আমিনুল ইসলাম বলেছিলেন, ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চিত্রনায়িকা অন্তরার প্রকৃত নাম পারভীন আক্তার লাকি। ১৯৭৯ সালের ১৫ নভেম্বর তার জন্ম। পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমা ‘লেডি র‍্যাম্বো’, ‘আমার মা’, ‘দোলন চাঁপা’, ‘শয়তান মানুষ’, ‘ফজর আলী আসছে’ ও ‘নাগনাগিনীর প্রেম’।