পদায়নের ৪ দিন পরই ওএসডি, এনসিটিবির চেয়ারে বসা হলো না জাহিদার

বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়ার অভিযোগে বিতর্কিত শিক্ষা ক্যাডার কর্মকর্তা ড. জাহিদা বেগমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে পদায়নের মাত্র চার দিনের মাথায় তাকে ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এতে সই করেছেন উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও সহযোগী অধ্যাপক ড. জাহিদা বেগমকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হলো। একই সঙ্গে তাকে সোমবারই বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে তাকে এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে প্রেষণে পদায়ন করা হয়। নানান অভিযোগে বিতর্কিত এ কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে পদায়নের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। এর মধ্যেই চার দিনের মাথায় আগের আদেশ পরিবর্তন করে তাকে ওএসডি করা হলো।

খোঁজ নিয়ে জানা যায়, ২৮তম বিসিএসের কর্মকর্তা ড. জাহিদা বেগম মাউশির প্রশিক্ষণ শাখায় সহকারী পরিচালক (প্রশিক্ষণ-২) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে প্রশিক্ষণের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, ভুয়া বিল-ভাউচার তৈরি ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।

২০২৫ সালে মাউশির প্রশিক্ষণ কার্যক্রমে তিনদিনের প্রশিক্ষণ চারদিন দেখিয়ে বিল তৈরিসহ বিভিন্ন আর্থিক অনিয়ম নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই ঘটনায় মাউশির তৎকালীন প্রশিক্ষণ শাখার পরিচালকসহ ড. জাহিদা বেগমের নামও আসে।

এছাড়া তার বিরুদ্ধে বদলি ও পদায়নে প্রভাব বিস্তার এবং স্বজনপ্রীতির মাধ্যমে বিদেশে প্রশিক্ষণের জন্য শিক্ষক নির্বাচনের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের বিষয়ে বিভিন্ন সময়ে লিখিত অভিযোগ জমা পড়েছে।

এদিকে, জাহিদা বেগমের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সুবিধাজনক পদায়ন ও সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে। বিগত সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তিনি শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন বলে অভিযোগ করেছেন শিক্ষা ক্যাডারের একাধিক কর্মকর্তা।

এর আগে নওগাঁ সরকারি কলেজে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে আচরণগত কারণে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। এমন নানা অভিযোগের পরও তাকে এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে পদায়ন করায় শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট মহলে প্রশ্ন ওঠে। বিশেষ করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তার পদায়ন নিয়ে বিতর্ক তৈরি হয়।

অবশেষে নতুন প্রজ্ঞাপন জারি করে তাকে ওএসডি করলো শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রজ্ঞাপনে ওএসডি করার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

জানতে চাইলে জাহিদা বেগম বলেন, ‘মিথ্যা ও ভিত্তিহীন কিছু অভিযোগ তুলে আমাকে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে। একটা পদায়ন ঘিরে এ সমস্যা তৈরি হয়েছে। যেহেতু আদেশ বাতিল হয়েছে, কর্তৃপক্ষ এটা করেছে; ফলে এ নিয়ে আমার কিছু বলার নেই। তবে আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো সত্য নয়।’