টানা কমার পর বাড়লো সোনার দাম, ভরি কত?

টানা দাম কমার পর দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ১৪৯ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (২৩ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে আট দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৩৪ হাজার ৬৯০ টাকা। এই দাম কমানোর পর এখন সোনার দাম বাড়ানো হলো।

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

এর আগে ২২ নভেম্বর থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৫৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়।

সোনার গহনার দাম বাড়ানো হলেও এখন রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।